মালদায় অনুষ্ঠিত গম্ভীরা গবেষণা উৎসব
উমার ফারুক,নতুন পয়গাম, মালদা:
মালদা জেলার ইংরেজবাজার ব্লকের ফতেপুরে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গম্ভীরা গবেষণা উৎসব। গবেষণা ক্ষেত্রে জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প গম্ভীরা গানের প্রচার ও প্রসারের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ফতেপুর গম্ভীরা দল।
জানা গিয়েছে,অনুষ্ঠানের প্রথম পর্বে গম্ভীরা গবেষণা নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। গম্ভীরা গানের অতীত ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপটে গানের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোকপাত করেন ফতেপুর গম্ভীরা দলের পরিচালক বাবলু গম্ভীরা। গম্ভীরা বিষয়ে আলোচনা করেন গবেষক ড. সুকান্ত সরকার, ড. পতিত পাবন চৌধুরী সহ একাধিক গবেষক ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুখোশ নাচ,ভক্ত নাচ এবং গম্ভীরা গান পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সুদূর ইতালি থেকে আলাসসেন্দ্র সিনেমতির নেতৃত্বে চার জন বিশিষ্ট গবেষক-পর্যটক ছুটে আসেন। মুখোশ নাচ,ভক্ত নাচ এবং গম্ভীরা গান তাঁদের মুগ্ধ করেছে।
ফতেপুর গম্ভীরা দলের পরিচালক বাবলু গম্ভীরা জানান, জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প গম্ভীরা গানের প্রচার প্রসার ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে ফতেপুর গম্ভীরা দল নিরলসভাবে কাজ করে চলেছে। তারই অংশ হিসেবে গম্ভীরা গবেষণা উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গবেষক ড.পতিত পাবন চৌধুরী, বিশিষ্ট লোকশিল্পী আর্য্য বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষক কমলকৃষ্ণ দাস,বিশিষ্ট সমাজ সেবক সুদীপ্ত কুন্ডু,ইতিহাস গবেষক শুভাশিস সেন,শিক্ষক মহিদুল ইসলাম সহ অন্যান্য লোকসংস্কৃতি প্রেমী ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সুকান্ত সরকার।








