গব্বর সিং ট্যাক্স ক্ষতে প্রলেপ জিএসটি ইস্যুতে মোদিকে খাড়গের কটাক্ষ
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর:
নতুন জিএসটি চালু হওয়া নিয়ে বিজেপি তথা কেন্দ্র সরকার যখন দেশজুড়ে উৎসবের আবহ তৈরি করেছে, তখন প্রধানমন্ত্রীকে তোপ দাগল বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার বলেন, জিএসটি নিয়ে উৎসব না করে বরং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত মোদি সরকারের। এত বছর ধরে ‘গব্বর সিং ট্যাক্স’-এর মাধ্যমে যে বিরাট ক্ষত তৈরি হয়েছে, তাতে সাধারণ ব্যান্ডেডের প্রলেপ দেওয়া হল মাত্র।’
রবিবার জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের পরই এক্স হ্যান্ডেলে তোপ দেগে খাড়গে লেখেন, ‘৯০০ ইঁদুর খেয়ে বিড়াল এবার পুণ্য করতে চললেন। মোদি সরকার কংগ্রেসের সরল জিএসটি হারের পরিবর্তে আলাদা আলাদা ৯টি স্ল্যাবে তোলাবাজির জন্য জিএসটি চালু করেছিল। একে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করেন খাড়গে। তাঁর কথায়, গত ৮ বছরে এই ট্যাক্সের মাধ্যমে ৫৫ লক্ষ কোটি টাকা উসুল করা হয়েছে। এখন আপনি ২.৫ লক্ষ কোটি টাকা সঞ্চয় উৎসব-এর কথা বলছেন। গভীর ক্ষত তৈরি করার পর এখন তাতে সাধারণ ব্যান্ড-এইডের প্রলেপ দিচ্ছেন। এ তো কাটা ঘায়ে নুনের ছিটে।
আপনি চাল, ডাল, শস্য, পেন্সিল, বই, খাতা, ওষুধ, সার, কীটনাশক থেকে ট্রাক্টর – সবকিছুর উপর জিএসটি চাপিয়েছেন। আপনার সরকারের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। পাশাপাশি জিএসটি থেকে সরকারের আয়ের খতিয়ান তুলে ধরে খাড়গে বলেন, নরেন্দ্র মোদি অবৈধ কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। কংগ্রেসের অর্থনীতি বিষয়ক কমিটির শীর্ষনেতা জয়রাম রমেশ বলেছেন, ‘জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী জিএসটি কাউন্সিলের সংশোধনীর কৃতিত্ব নিজে নেওয়ার চেষ্টা করেছেন। এই প্রবণতা লজ্জাজনক। কারণ, জিএসটি কাউন্সিল একটি সাংবিধানিক সংস্থা। জয়রাম আরো বলেন, প্রধানমন্ত্রী শুধু ৫ এবং ১৮ শতাংশ জিএসটি-র কথা বলছেন। কিন্তু বলছেন না ৪০ শতাংশের কথা।








