ইসরায়েলে আটক ফ্রান্সের এমপিরা অনশনে
নতুন পয়গাম, প্যারিস:
ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি সাংসদ অনশন শুরু করেছেন। রোববার ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউড-এর ইউরোপীয় পার্লামেন্টের সাংসদ ম্যানন ওব্রি বলেন, আমরা তাঁদের কাছ থেকে কোনো খবর পাইনি। কেবল তাঁদের আইনজীবী ও ফরাসি কনসালের সঙ্গে সংক্ষেপে যোগাযোগ হয়েছে। তাঁদের কঠিন পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে। একেকটি সেলে ১০ জনের বেশি মানুষ রয়েছেন। সেখানে পানিও পাওয়া যাচ্ছে না।
ফ্রান্স আনবাউড শনিবার ঘোষণা করে, তাঁদের দুই সাংসদ ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। ওব্রি ফরাসি কর্তৃপক্ষকে আটক নাগরিকদের ফিরিয়ে আনার আহ্বান জানান।
ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো থেকে যাঁদের আটক করেছে, তাঁদের মধ্যে ৩০ জন ফরাসি নাগরিক রয়েছেন। ৪৫টি জাহাজের ওই বহর গাজায় অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করে। ওব্রি বলেন, এখন ফ্রান্স সরকারের সত্যিকার পদক্ষেপ নেওয়ার সময়।
ফ্রান্স আনবাউডের নেতা জঁ-লুক মেলঁশো শনিবার ফরাসি সরকারের নিন্দা করেন। তিনি উল্লেখ করেন, অন্যান্য দেশের আটক নাগরিকদের ইতিমধ্যে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। জঁ-লুক মেলঁশো এক্সে লেখেন, ফরাসি সংসদ সদস্যদের তাঁদের নিজস্ব পরিষদও উপেক্ষা করছে। আমাদের এটি মনে রাখা উচিত।








