বিনামূল্যে চিকিৎসা শিবির এ.এম নার্সিংহোমে
রাজু আনসারী, নতুন পয়গাম, সুতি:
১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে সুতির সাজুরমোড়ের এ.এম নার্সিংহোম এগিয়ে এল মানবিক উদ্যোগ নিয়ে। এলাকার অসচ্ছল ও পিছিয়ে পড়া শিশুদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে শুক্রবার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে নার্সিংহোম কর্তৃপক্ষ।
এই দিনে আনুষ্ঠানিকভাবে শিশু বিভাগ চালু করেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিম আক্রারাম। উদ্বোধনের পরই তিনি ছোটদের বিনামূল্যে চিকিৎসা শুরু করেন। সকাল থেকেই চিকিৎসা শিবির ঘিরে উপচে পড়ে রোগীর ভিড়। বাবা-মায়েদের কোলে বা হাত ধরে একের পর এক শিশুকে চিকিৎসার জন্য আসতে দেখা যায়।
নার্সিংহোমের ডিরেক্টর মোবারক হোসেন ডা. আক্রারামকে স্বাগত জানিয়ে উদ্যোগের সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। কর্তৃপক্ষের দাবি, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
শিশু দিবসেই এমন উদ্যোগ গ্রহণ করায় রোগী ও তাঁদের পরিবার এ.এম নার্সিংহোমের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, এলাকার আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য এই পরিষেবা অত্যন্ত উপকারী হবে। আগামী দিনেও একইভাবে বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজনের আশ্বাস দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ।
শিশু দিবসে এই সামাজিক ও মানবিক প্রয়াস কেবল স্বাস্থ্যসেবা নয়, সমাজে সচেতনতারও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রইল।








