মেরিটকেয়ার মিশনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
নতুন পয়গাম, হাওড়া:
জনসেবার মহৎ অঙ্গীকার নিয়ে হাওড়া জেলার উলুবেড়িয়া থানার বারাগোহাল গ্রামে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। ১২ অক্টোবর রবিবার মেরিটকেয়ার মিশনের দশম বর্ষপূর্তি উপলক্ষে এই সেবামূলক আয়োজন করা হয়। এই শিবিরে শতাধিক দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এবং উন্নত চিকিৎসা পরিষেবা পান।
সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে গ্রামীণ এলাকার মানুষের কাছে উন্নত চক্ষু চিকিৎসার সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এদিনের ক্যাম্পে উপস্থিত সকল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্রও সরবরাহ করা হয়। পাশাপাশি, স্বল্প মূল্যে চশমাও দেওয়া হয়।
এই সেবামূলক শিবিরে রোগীদের চিকিৎসা পরিষেবা দেন হাওড়া জেলার কৃতি সন্তান ও মালদা জেলার রতুয়া হাসপাতালের স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডা. সেখ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মেরিটকেয়ার মিশনের সভাপতি মুবাইদুল ইসলাম মোল্লা, সম্পাদক এম এম আব্দুর রহমান এবং মিশনের শুভাকাঙ্ক্ষী অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এই মহতী কাজে সার্বিক সহায়তা করেন বারাগোহাল নজরুল পাঠচক্রের সদস্যরা।








