কেরলে হার্ট অ্যাটাকে মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী
নতুন পয়গাম, নয়াদিল্লি:
কেরালায় চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কেনিয়ার বিরোধী দলনেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার দেবমাথা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার জন্য ভারতে অবস্থানকালে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন ওডিঙ্গা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কেরালার এরনাকুলাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম বলেন, সকালে হাঁটার সময় ওডিঙ্গা তার পরিবারের সদস্য ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গেই ছিলেন। হঠাৎ পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
রাইলা ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করেছেন। তিনি ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়েন। ২০০৭ সালের নির্বাচনের পর দেশটিতে সহিংসতায় প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হন।
১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ২০১০ সালের সংবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুর পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ও সাবেক প্রধান বিচারপতি ডেভিড মারাগা গভীর শোক প্রকাশ করেছেন। রুটো রাজধানী নাইরোবিতে ওডিঙ্গার বাসভবনে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদও রাইলা ওডিঙ্গাকে ‘আফ্রিকার গণতন্ত্রের দৃঢ় কণ্ঠস্বর’ হিসেবে বর্ণনা করে তার আত্মার শান্তি কামনা করেছেন।








