বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অসম জাতীয় পরিষদে যোগ
এম হাশিম আলী
নতুন পয়গাম, গুয়াহাটী: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, নগাঁওয়ের চারবারের সাংসদ শ্রী রাজেন গোঁহাই বুধবার অসম জাতীয় পরিষদে যোগদান করেছেন। গুয়াহাটীর দিসপুরস্থিত লোকনির্মাণ সম্মিলন কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত দলের এক অনুষ্ঠানে গোঁহাই এবং দুই শতাধিক বিজেপি কর্মী-নেতা এদিন দল বদল করেন। দলের সভাপতি লুরীণজ্যোতি গগৈ ও সাধারণ সম্পাদক জগদীশ ভূঞাসহ জাতীয় পরিষদের নেতারা গোঁহাই এবং তাঁর সহকর্মীদের নতুন দলে স্বাগত জানান। গোঁহাইয়ের সঙ্গে টাই আহোম জাতীয় পরিষদের প্রাক্তন সহসভাপতি তথা বিজেপি মজদুর মোর্চার কেন্দ্রীয় সম্পাদক রাজকুমার চেতিয়া, হিন্দু ক্রান্তি দলের কার্যনির্বাহী সভাপতি ডা. সিদ্ধার্থ শর্মা, শোণিতপুর জেলা বিজেপি যুব মোর্চার সহসভাপতি জ্যোতিপ্রসাদ নাথ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল জলিল আহমেদ প্রমুখ অসম জাতীয় পরিষদের সদস্যপদ গ্রহণ করেন। তাঁদের সবাইকে দলের সভাপতি গগৈ ও সাধারণ সম্পাদক ভূঞা সদস্যপদ ফর্ম দিয়ে স্বাগত জানান।








