বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: এলাকায় বন্যপ্রাণীর হামলা ও উপদ্রব রুখতে বিশেষ উদ্যোগ নিল বনদপ্তর। শনিবার উত্তর খট্টিমারির বিবাদী সঙ্ঘ ক্লাব ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির (JFMC) ২১৫ জন সদস্যের হাতে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চ লাইট তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রের খবর, গত কয়েক দিনে এলাকায় বন্যপ্রাণীর উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। সম্প্রতি বাঘের আক্রমণে এক গ্রামবাসী জখম হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। এই পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠক ডেকে বনদপ্তরের ‘শেয়ার মানি’ তহবিল থেকে এই সরঞ্জাম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সদস্যরা জানিয়েছেন, মূলত রাতে চলাচলের সময় বন্যপ্রাণীর উপস্থিতি আগেভাগে টের পেতে এবং আত্মরক্ষার্থে তাদের দূরে সরিয়ে রাখতেই এই আলোকবর্তিকা ব্যবহার করা হবে। এতে জঙ্গল সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা অনেকটা সুনিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।এলাকায় অতীতে চিতাবাঘের আতঙ্ক এবং বনদপ্তরের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও, এদিনের কর্মসূচিতে স্থানীয় প্রতিনিধিরা বনদপ্তরের পাশে থাকার বার্তাই দিয়েছেন। তাঁদের দাবি, যেকোনো বিপর্যয়ে বনদপ্তর সবসময় গ্রামবাসীদের সহযোগিতা করেছে। এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের মধ্যে সমন্বয় আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।








