গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৯০ পরিবারের হাতে আর্থিক সহায়তা দিল সামসেরগঞ্জ ব্লক প্রশাসন
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, সামসেরগঞ্জ:
গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করল সামসেরগঞ্জ ব্লক প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও অনুপ্রেরণায় বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে শুক্রবার সামসেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সহায়তা বিতরণ অনুষ্ঠান।
এই দিন মোট ২৯০ জন ভাঙনকবলিত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এর মধ্যে ১৮৭ জন পান ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ১০৩ জন পান ৭০ হাজার টাকা। ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থের প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা ও পরবর্তীতে আরও ৬০ হাজার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও সুজিত চন্দ্র লোধ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনোয়ারা বেগম, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিডিও ও বিধায়কের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই এই সহায়তা প্রদান সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক মহল।
শুধু ভাঙনকবলিতদের আর্থিক সাহায্যই নয়, এদিন ব্লকের বিভিন্ন এলাকার ২৫ জন অসহায় বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে ট্রাই-সাইকেল তুলে দেয় ব্লক প্রশাসন।
গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের প্রতি প্রথম থেকেই রাজ্য সরকারের সহানুভূতির কথা উল্লেখ করে বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “একটার পর একটা পাট্টা প্রদান থেকে শুরু করে ঘর নির্মাণে আর্থিক সহায়তা—রাজ্য সরকার নজির সৃষ্টি করেছে।” কয়েক মাস আগেই নতুন করে যে পরিবারগুলো ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এত দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
সরকারি সাহায্য পেয়ে আপাতত স্বস্তি ও খুশির হাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে।








