অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান গঙ্গা রেলস্টেশন-এ অবশেষে যুক্ত হলো বাংলা ভাষা। দীর্ঘদিন ধরে স্টেশনের নামফলক ও বিভিন্ন পরিষেবা বোর্ডে শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষা ব্যবহৃত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বাংলা ভাষাভাষী মানুষের অন্যতম ব্যস্ত এই স্টেশনে মাতৃভাষার অনুপস্থিতি অনেকের কাছেই আত্মপরিচয়ের অবমূল্যায়ন বলে মনে হয়েছিল। সংবাদ মাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ ও জনমত সংগঠনের ফলে বিষয়টি প্রশাসনের নজরে আসে বলে জানা গেছে। পরবর্তীতে স্টেশনের নামফলকে হিন্দি ও ইংরেজির পাশাপাশি স্পষ্টভাবে যুক্ত করা হয় বাংলা– “ধুলিয়ান গঙ্গা”।
শুধু নামফলকেই নয়, স্টেশনের বিভিন্ন পরিষেবা নির্দেশিকাতেও এখন বাংলার উপস্থিতি চোখে পড়ছে। “শীতল পানীয় জল”, মোবাইল চার্জিং পয়েন্ট-সহ একাধিক বোর্ডে বাংলা যুক্ত হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবর্তনে ধুলিয়ান জুড়ে আনন্দের সাড়া পড়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এটি কেবল একটি ভাষা সংযোজন নয়– এটি বাংলার মর্যাদা ও সাংস্কৃতিক স্বীকৃতির প্রতিফলন। নিজের মাতৃভাষায় স্টেশনের নাম দেখতে পেয়ে তারা গর্বিত বলে জানিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, বিষয়টি সামনে আসার পর বাংলাপক্ষ সংগঠনের পক্ষ থেকেও ধুলিয়ানে এসে ডেপুটেশন জমা দেওয়া হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন ও নাগরিক উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই দাবি বাস্তবায়িত হয়েছে বলে মত স্থানীয়দের একাংশের। ধুলিয়ানবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এলাকার ন্যায্য দাবি ও অধিকার নিয়ে সংবাদমাধ্যম ও সচেতন সমাজ একইভাবে সোচ্চার থাকবে। তাঁদের মতে, এই অর্জন শুধু একটি স্টেশনের পরিবর্তন নয়— এটি ভাষা-সম্মান রক্ষার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।








