বালিয়া নেতাজি সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
২ অক্টোবর, ২০২৫, রবিবার সাগরদিঘী ব্লকের বালিয়া খেলার মাঠে বালিয়া নেতাজি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে ছিল উৎসবের উচ্ছ্বাস। দুপুর থেকেই মাঠজুড়ে উপচে পড়া দর্শক, চারিদিকে গ্রামবাসী ও ফুটবলপ্রেমীদের উন্মাদনা—সব মিলিয়ে তৈরি হয় এক প্রাণবন্ত ক্রীড়ামঞ্চের পরিবেশ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মিঠিপুর সাধারণ ক্লাব ও ভাবতা লোটাস ক্লাব। পুরো ম্যাচ জুড়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত দক্ষতা ও দলগত নৈপুণ্যের দাপটে জয় ছিনিয়ে নেয় মিঠিপুর সাধারণ ক্লাব। তাদের সার্থক ও মুগ্ধকর ফুটবলে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা।
খেলা শেষে বিজয়ী মিঠিপুর সাধারণ ক্লাবের হাতে ট্রফি ও ৫০ হাজার টাকার নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। রানার্স-আপ ভাবতা লোটাস ক্লাবকে দেওয়া হয় ট্রফি ও ৪০ হাজার টাকার পুরস্কার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ কুমার ঘোষ, বিজন কুমার সরকার, বালিয়া নেতাজি সংঘের সম্পাদক স্বদেশ রঞ্জন দাস, বিধায়ক প্রতিনিধি নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সুমন্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক মঙ্গল চন্দ্র দাস, ব্রজেন্দ্র কুমার দাস, নিতাই দাস, অনিত দাস, গধন চন্দ্র ঘোষসহ ক্লাব সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষক মঙ্গল চন্দ্র দাস। মাঠজুড়ে জমে ওঠা এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়ামোদী সমাজে নতুন উদ্দীপনা জাগিয়ে দিল।








