বন্দে ভারতকে টেক্কা দিয়ে দ্রুতগামী ‘নমো ভারত’
নতুন পয়গাম, নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর:
বন্দে ভারতকে টপকে দেশের সবথেকে দ্রুতগামী ট্রেনের শিরোপা পেল ‘নমো ভারত’। নমো-র পুরো কথা হল নরেন্দ্র মোদি। গুজরাটের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে অনেক আগেই নিজের নামে করেছেন প্রধানমন্ত্রী। এবার দ্রুতগতির ট্রেনকেও নিজের নামাঙ্কিত করলেন। যদিও তাঁর স্বপ্নের বুলেট ট্রেন আজো দেশের কোথাও চালু হয়নি। দিল্লি-মিরাট করিডরে এই নমো ভারত ট্রেন ছুটছে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে, যার গতি বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও বেশি। বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত হলেও সেটি কখনোই এই গতিতে চলে না।
জানা গিয়েছে, দিল্লি-মিরাট রিজিওনাল র্যােপিড ট্রানজিট সিস্টেমের আওতায় ৫৫ কিলোমিটার করিডরে নমো ভারত এক্সপ্রেস সর্বোচ্চ গতিতেই চলাচল করছে। পূর্ব দিল্লির নিউ অশোক নগর থেকে উত্তরপ্রদেশের মিরাট সাউথ পর্যন্ত আপাতত এই ট্রেন চলছে। এতে ৬টি করে কোচ রয়েছে। ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনে নিজের নামাঙ্কিত নমো ভারত ট্রেন পথের বাকি অংশের সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।








