ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও
নতুন পয়গাম ডেস্ক: শাহিবজাদা ফারহানের ঝোড়ো শতরানে ভর করে বিশ্বকাপের পরের পর্বে উন্নীত হল পাকিস্তান। সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে ঝড় তুললেন শাহিবজাদা ফারহান১০০*(৫৮)। তাঁর দাপটেই ‘এ’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারাল পাকিস্তান। ভারতের পরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠল তারা। উল্লেখ্য, এই ঘরানায় এটাই তাদের বৃহত্তম জয়।প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ তুলেছিল পাকিস্তান। দেশের হয়ে এই ফরম্যাটে শাহিবজাদার প্রথম শতরানই টানল দলকে। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। টি-২০ বিশ্বকাপে এর আগে পাকিস্তানের হয়ে শতরান করেছিলেন আহমেদ শেহজাদ ২০১৪ সালে।তারপর সেই তালিকায় শাহিবজাদা হলেন দ্বিতীয় ক্রিকেটার।
তিনি ছাড়া রান পেলেন ক্যাপ্টেন সলমন আগা (৩৮) ও শাদাব খান (অপরাজিত ৩৬)। বাবর আজম ব্যাট করেননি।জবাবে ১৭.৩ ওভারে ৯৭ রানে দাঁড়ি পড়ে নামিবিয়া ইনিংসে। অদ্ভুত অ্যাকশনের স্পিনার উসমান তারিক মাত্র ১৬ রানে নেন চার উইকেট। ১৯ রানে তিন উইকেট নেন শাদাব খান। এদিন শাহিন শাহ আফ্রিদিকে খেলায়নি পাকিস্তান। শনিবার সুপার এইটে প্রথম ম্যাচে নামছেন সলমনরা। কলম্বোয় তাদের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড। তারপর ২৪ ও ২৮ ফেব্রুয়ারি তাদের উল্টোদিকে যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।এই বাঁধা টপকাতে পারে কিনা সেটাই এখন দেখার।








