ফরিদা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
উমার ফারুক, নতুন পয়গাম, চাঁচল: মালদার চাঁচল-২ব্লকের চাঁন্দুয়া দামাইপুর হাই মাদ্রাসার সদ্য প্রাক্তন প্রধান শিক্ষিকা ফরিদা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় বুধবার। এদিন এই উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা সূত্রে জানা গিয়েছে, গত ৩১জানুয়ারি ফরিদা বেগম কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি চাঁন্দুয়া দামাইপুর হাই মাদ্রাসায় প্রধান শিক্ষিকা হিসেবে ১৩ফেব্রুয়ারি,২০২১ যোগদান করেন। তারপূর্বে তিনি জয়েনপুর হাই মাদ্রাসায় প্রধান শিক্ষিকা হিসেবে ২০০৯সালের নভেম্বরে যোগদান করেন। তবে তিনি সহ শিক্ষিকা হিসেবে কর্মজীবনের সূচনা করেন মুর্শিদাবাদ জেলার ফারাক্কা অর্জুনপুর হাই স্কুলে ১৯৯১ সালে। তাঁর অবসর গ্রহণের পর চাঁন্দুয়া দামাইপুর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে মোহাম্মদ তহিদুর রহমান কে দায়িত্বভার তুলে দেন মাদ্রাসার প্রশাসক খরবা-২ শিক্ষা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আব্দুল হানিফ।
এই প্রসঙ্গে নব নিযুক্ত ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ তহিদুর রহমান বলেন, সদ্য প্রাক্তন প্রধান শিক্ষিকা ফরিদা বেগমের দেখানো পথেই আমি মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করবো। এদিন ফরিদা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সি, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সহ সচিব আসিফ ইকবাল, চাঁচল-২ পঞ্চায়েত সমিতির সভাপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ, চাঁচল কলেজের অধ্যক্ষ ড. উত্তম পাল, অধ্যাপক ড. মহম্মদ মহিদুর রহমান, অধ্যাপক অমিত রায়, শুক্রবারি একে হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ড. ওবায়দুর রহমান সহ এলাকার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষক, সহ শিক্ষক,জন প্রতিনিধি,অভিভাবকগণ। এদিনের অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসার শিক্ষক ও পড়ুয়ারা।








