ডায়মন্ড হারবারে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের জরুরি সভা
সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ আহ্বান
নতুন পয়গাম, ডায়মন্ড হারবার:
রবিবার ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের একটি জরুরি সভা। রাজ্য ও দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে সাম্প্রতিক নানা সমস্যা ও বৈষম্যের প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়।
সভায় SIR ইস্যু, মুসলিমদের OBC বঞ্চনা, ওয়াকফ সম্পত্তি রক্ষা, মব-লিঞ্চিং, মাদ্রাসা শিক্ষা—সহ সংখ্যালঘু সমাজের উপর চলা বিভিন্ন অবিচার ও বৈষম্য নিয়ে আলোচনা হয়। অরাজনৈতিক এই সামাজিক গণসংগঠন ‘বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ’-এর তরফে রাজ্যজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সচেতন করা ও ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাও. মোজাফফর হোসেন, কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ, সাধারণ সম্পাদক প্রফেসর জাহান আলি পুরকাইত, সহ-সভাপতি এ.কে.এম. গোলাম মর্তুজা, পাস্টর শ্যামল ঘড়ুই, ফাদার দেবাশীষ, মহিলা শাখার দায়িত্বপ্রাপ্ত প্রফেসর সালেহা বেগম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম ও মাও. নুরুল ইসলাম, আইনজীবী শ্রাবন্তি জানা, ফাদার সুজিত গোমস, অ্যাডভোকেট শবনম খাতুন প্রমুখ।
বিবিধ সাংগঠনিক বিষয় পর্যালোচনার পাশাপাশি আগামী সভার তারিখ ও স্থান নির্ধারণের মধ্য দিয়ে এই বিশেষ বৈঠকের সমাপ্তি হয়।








