পুজোর মুখে হাতির তাণ্ডব: মৃত্যু এক, নষ্ট বহু ধানক্ষেত
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ডুয়ার্স:
পুজোর প্রাক্কালে বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি ও লক্ষ্মীপাড়া এলাকায় ফের হাতির তাণ্ডবের ঘটনায় মৃত্যু ও ব্যাপক ফসলহানি ঘটেছে। বুধবার গভীর রাতে প্রায় ৩৫টি হাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে এবং একের পর এক ধানক্ষেত ও সুপারি বাগান তছনছ করে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আচমকাই হাতির দল লক্ষ্মীপাড়া চা বাগানে ঢুকে পড়ে। মধ্য শালবাড়ি এলাকায় বেশ কয়েকটি ধানক্ষেত ও সুপারি বাগান মুহূর্তে ধ্বংস হয়ে যায়। আতঙ্কিত গ্রামবাসীরা চিৎকার, হইচই এবং পটকা ফাটিয়ে হাতিদের তাড়ানোর চেষ্টা করলেও কোনো সুফল মেলেনি। ভোরের আলো ফুটতেই হাতির দল জঙ্গলের দিকে চলে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, অনেকেই লোন ও ঋণ নিয়ে জমিতে ধান ও সুপারি লাগিয়েছিলেন। এক রাতের তাণ্ডবে তাদের ফসল কার্যত ধ্বংস হয়ে গেছে, ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বনদপ্তরকে খবর দেওয়ার পরও সময়মতো কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। মরারঘাট রেঞ্জের খট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে প্রায়শই লোকালয়ে হাতির দল ঢুকে পড়ে, কিন্তু বনকর্মীরা সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন না। ক্ষতিপূরণের বিষয়টিও এখন পর্যন্ত সমাধান হয়নি।
এদিকে খট্টিমারি বিটের এসএমজি ৭ নম্বর কম্পার্টমেন্টে হাতির হামলায় মৃত্যু হয়েছে ৫৯ বছর বয়সী সেভেন নায়েকের। তিনি হলদিবাড়ি চা বাগানের স্কুল লাইনের বাসিন্দা ছিলেন। বনদপ্তর সূত্রে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পুজোর মুখে প্রাণহানি ও ফসলনষ্টে গ্রামের সাধারণ মানুষ ও কৃষকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।








