লোকালয়ে হাতির দলের তান্ডব, আতঙ্কে বন্ধ স্কুল
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি:
হাতির তান্ডবে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্স। শুক্রবার সকাল থেকে বানারহাট ব্লকের মোগলকাটা চা-বাগানে শাবকসহ একদল হাতি ঢুকে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতির দলটি দু’ভাগে বিভক্ত হয়—একটি দল মোগলকাটা চা-বাগানে প্রবেশ করে, অপরটি পাশের একটি ছোট জঙ্গলে চলে যায়। দলে একাধিক শাবকও রয়েছে। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই শ্রমিকদের পাশাপাশি বহু কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।
খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা এবং মরারঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। হাতিদের গতিবিধি নজরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।
এদিন আতঙ্কের জেরে মোগলকাটা টি জি প্রাইমারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ করে দেওয়া হয়। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতিদের যত দ্রুত সম্ভব জঙ্গলে ফেরানোই এখন প্রধান লক্ষ্য।
স্থানীয়দের অনুমান, হাতির দলটি সম্ভবত তোতাপাড়া লাগোয়া ডায়না ও মরারঘাট জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। তবে এখনও তাদের পুরোপুরি জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি। বনকর্মীরা নিয়মিত তাদের গতিবিধির উপর নজর রাখছেন।








