রাজ্যে এল নির্বাচন কমিশনের টিম, এসআইআর: বৈঠক প্রশাসনের সঙ্গে
নতুন পয়গাম, কলকাতা:
ভোটের প্রস্তুতিপর্ব নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে রাজ্যে এল নির্বাচন কমিশনের টিম। মঙ্গলবার তাঁরা কলকাতায় এসে পৌঁছন। এসআইআর-এর প্রস্তুতি বা অগ্রগতি খতিয়ে দেখতেই মূলত তারা এরাজ্যে এলেন। জানা গিয়েছে, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ চার সদস্যের প্রতিনিধি দল কাল বুধবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। বন্যার কারণে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলোকে বাদ দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পরিচালিত হবে এই ভিডিয়ো কনফারেন্স। নির্বাচন কমিশনের টিম ছাড়াও এতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। উল্লেখ্য, রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকেই প্রথম ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল। তাই কাল বিকেলে বৈঠক শেষে তারা কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে যাবেন। তবে তাদের পাখির চোখ হল এসআইআর। বিহারের পর একই ধাঁচে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে এই প্রক্রিয়া করবে বলে অনেক আগেই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে বিহারে এসআইআর করতে গিয়ে যেভাবে কমিশনের মুখ পুড়েছে, তাতে বিশেষজ্ঞরা অনুমান করছেন, অন্তত রাজনৈতিক সচেতন বাংলায় তারা সংযত হয়ে এসআইআর প্রক্রিয়ার কাজ করবেন। কারণ, এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস খুবই শক্তিশালী। তারা বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনি ছাড়ার পাত্র নয়। অর্থাৎ এরাজ্যে এসআইআর করতে গিয়ে কমিশনকে হিমশিম খেতে হবে বলেই মনে করছেন ভোট বিশেষজ্ঞরা।








