ঋদ্ধি আয়োজিত ‘এক কবি ও একটি সন্ধ্যা’ — কবি অবশেষ দাসকে কেন্দ্র করে কাব্য-মুখর এক সন্ধ্যা
নতুন পয়গাম, কলকাতা
কলকাতা শহরের বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা মঞ্চে গত শনিবার অনুষ্ঠিত হল মেধা ও অনুশীলনের উচ্চাঙ্গ আবৃত্তি শিক্ষণ প্রতিষ্ঠান ‘ঋদ্ধি’ আয়োজিত অনন্য সন্ধ্যা ‘এক কবি ও একটি সন্ধ্যা’। ঋদ্ধির প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত এই আয়োজন তাদের ঐতিহ্যবাহী পরম্পরারই ধারাবাহিক রূপ, যেখানে প্রতি বছর এক জন বিশিষ্ট কবিকে কেন্দ্র করে কেটে যায় এক মনোজ্ঞ সাহিত্য সন্ধ্যা।
কবি শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জয় গোস্বামী, রত্নেশ্বর হাজরা, অর্ধেন্দু চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট কবিদের উপস্থিতিতে এই ঐতিহ্য এর আগেও সমৃদ্ধ হয়েছে। এবারের কবি ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার ভূমিপুত্র কবি অবশেষ দাস।
সন্ধ্যার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক পার্থসারথি গায়েন, আশুতোষ চক্রবর্তী, সুব্রত চট্টোপাধ্যায় ও অমিত পান্ডে প্রমুখ কবি ও সংগঠক। কবির লেখা ‘মাটির ঘরের গল্প’, ‘কিশোর বেলা সোনার খাঁচায়’, ‘পাইন রঙের শাড়ি’, ‘হাওয়ার নূপুর’, ‘নর্তকী সন্ধ্যা গজলের ভোর’-সহ বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে কবিতা পরিবেশন করেন সোহম গিরি, অসীম মুরশেদ, স্নিগ্ধা দাস, তিতির জায়েদেকা ও আরও অনেকে। নবীন শিল্পী অকসরা মিত্র, অর্চিসা কয়াল ও কেয়ান আহমেদের কণ্ঠে কবির ছড়া পরিবেশনে মুগ্ধতা ছড়ায়।
কবি অবশেষ দাসকে সংবর্ধিত করা হয় উত্তরীয়, পুষ্পস্তবক, ফল, মিষ্টি ও স্মারক উপহার দিয়ে। অনুষ্ঠানে কবিতা ভট্টাচার্য পাঠ করেন কবির লেখা একটি ছোটগল্প।
ঋদ্ধির কর্ণধার অসীম চক্রবর্তী সংকলিত কবিতা কোলাজ ‘মানুষের পাশেই দাঁড়াতে চাই’ পরিবেশিত হয় সত্যনারায়ণ বাগচি, ইন্দিরা পাল ও অরিন্দম পাল-সহ একাধিক বাচিকশিল্পীর কণ্ঠে। কবির প্রেম ও মানবতাবাদী চিন্তাধারায় ভরা কবিতা দর্শকদের মন ছুঁয়ে যায়।
বিশেষ আকর্ষণ ছিল কবি অবশেষ দাসের রচিত ও নাট্যরূপ দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ গল্পের শ্রুতিনাট্য, যা দক্ষ কণ্ঠস্বরে পরিবেশন করেন রতন জায়েদেকা ও তোর্সা জায়েদেকা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কবি রফিক উল ইসলাম ও ড. বনানী চক্রবর্তী ঋদ্ধির সুনিপুণ আয়োজনের প্রশংসা করেন ও কবিকে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন কবির বাবা গৌরবরণ দাস, সহধর্মিনী তনুশ্রী দাস, কন্যা অংশিকা ও পুত্র অভিমান।
সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী সুস্মিতা ঘোষ। আর দীপ্ত কণ্ঠে বাচিকশিল্পী অসীম চক্রবর্তীর কবিতা পাঠের মধ্য দিয়ে পরিসমাপ্ত হয় কবিতার সুবাসে ভরা এই সৃজনমুখর সন্ধ্যা।








