শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদানের জন্য সম্মানিত তানিয়া রহমত
আবু রাইহান, নতুন পয়গাম, মালদা:
একাধিক সম্মানের মালিক, প্রাথমিক শিক্ষিকা তানিয়া রহমত আবারও পেলেন জাতীয় সম্মান। শিক্ষা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্প্রতি তিনি সম্মানিত হয়েছেন ‘ড. এ. পি. জে. আবদুল কালাম ন্যাশনাল অ্যাওয়ার্ড’-এ। এই পুরস্কার প্রদান করেছে ওয়ার্ল্ড চ্যারিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
২৪ সেপ্টেম্বর হাওড়ার শরৎ সদনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক গুণীজনকে এই সম্মাননা দেওয়া হয়। তার মধ্যে শিক্ষা ক্ষেত্রে আদর্শ হিসেবে বেছে নেওয়া হয় মাত্র ১০ জন শিক্ষক-শিক্ষিকাকে। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন তানিয়া রহমত।
এর আগেও তিনি ‘শিক্ষারত্ন’, ‘ভারতরত্ন বঙ্গশ্রেষ্ঠ’-সহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে জড়িত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে— নির্মল বিদ্যালয় অভিযান, বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম নিরসন, স্কুলমুখী করা, নারী শিক্ষা প্রসার ইত্যাদি উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি কালিয়াচক ও মালদা জেলার বিভিন্ন সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান দায়িত্বও সামলেছেন তিনি।
এই সাফল্যে উচ্ছ্বাসিত ও গর্বিত গোটা কালিয়াচকবাসী।
পুরস্কার প্রাপ্তির পর তানিয়া রহমত বলেন—
“যখনই এমন কোনো সম্মাননা পাই, তখন দায়িত্ব আরও বেড়ে যায়। ভবিষ্যতে যাতে কোনো দুস্থ ছাত্র-ছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়, সেই চেষ্টা চালিয়ে যাব। একইসঙ্গে অল্প বয়সে মেয়েদের বিয়ে না হয়, বাল্যবিবাহ বন্ধ হোক—এই দিকেও আমাদের বিশেষ নজর থাকবে।”








