শ্রীনিধিকে চার গোলে উড়িয়ে শিল্ডে উড়ন্ত শুরু ইস্টবেঙ্গলের
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
জয় দিয়ে শুরু হল লাল-হলুদ ব্রিগেডের ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের অভিযান। এদিন কল্যাণী স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে উড়িয়ে সহজ জয় পেল ইস্টবেঙ্গল। এই জয়ের পাশাপাশি টুর্নামেন্টে এগিয়ে থাকলো লালহলুদ ব্রিগেড। পূর্ণ শক্তি নিয়ে ইস্টবেঙ্গল এদিনের ম্যাচে মাঠে নামে। অন্যদিকে শ্রীনিধি ডেকান তরুণ প্রতিভাবান ফুটবলারদের নিয়ে মাঠে নামে।ম্যাচের প্রথম থেকেই আক্রমণ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। শুরুতেই একাধিক গোলের সুযোগ নষ্ট করে লাল হলুদ ব্রিগেড। যেটা দেখা গিয়েছিল এবারের ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগেও, সেটারই যেন পুনরাবৃত্তি ঘটল শিল্ডের প্রথম ম্যাচে। অবশ্য প্রশংসা করতে হয় শ্রীনিধি ডেকানের গোলরক্ষক আদিলের। অনেকগুলো নিশ্চিত গোল রক্ষা করেন তিনি। ২১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবার মাঠে নামা জয় গোল করে তার অভিষেকটা স্মরণীয় করে রাখলেন। এরপর দ্বিতীয় গোল পেতে বেশ কিছুটা সময় লাগে ইস্টবেঙ্গলের। ৩৮ মিনিটের মাথায় সাউলের করা গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। ২-০ গোলে এগিয়ে থেকে এদিন প্রথমার্ধ শেষ করে ইস্টবেঙ্গল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই যেন সেই চেনা ছন্দে লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে শ্রীনিধি ডেকান তারাও ম্যাচে ফেরার চেষ্টা করে এই বড় দলের বিপক্ষে।
তবে ৪৮ মিনিটের মাথায় হামিদ ম্যাচের তৃতীয় গোল করে জয়ের পথ প্রায় নিশ্চিত করে ফেলে লালহলুদ ব্রিগেডের। এরপর ম্যাচের ৫১ মিনিটের মাথায় জিকসনের করা গোলে জয় সুনিশ্চিত করে ইস্টবেঙ্গল। এরপর একাধিক গোলের সুযোগ পেলেও নষ্ট করে ইস্টবেঙ্গল। তবে শ্রীনিধি ডেকানও সীমিত ক্ষমতা নিয়ে দুর্দান্ত লড়াই করে। তবে দিন শেষে জয়ের হাসি হাসলো টুর্নামেন্টে বেশি বার খেতাব জয়ী লাল হলুদ ব্রিগেড।








