লক্ষ্মীলাভে ধূপগুড়িতে ‘অকাল হোলি’,
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক সহায়তার অঙ্ক ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা হতেই আনন্দে মেতে উঠেছেন ধূপগুড়ি শহরের মহিলারা। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় কার্যত ‘অকাল হোলি’র আবহ তৈরি হয়। ধূপগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া এলাকায় আবির খেলায় অংশ নেন মহিলারা। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় তাঁদের। সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিয়ে আনন্দ ভাগ করে নেন মহিলারা। পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে এই খুশির মুহূর্ত উদ্যাপন করেন তাঁরা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তি সহায়তার ঘোষণাকে রাজ্যের মহিলা সমাজের জন্য বড় প্রাপ্তি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা।
সকালের এই আনন্দঘন মুহূর্তে ধূপগুড়ি শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে উৎসবের রং, হাসি আর উচ্ছ্বাস। প্রকল্পের ঘোষণাকে ঘিরে সাধারণ মহিলাদের মধ্যে যে স্বস্তি ও খুশির আবহ তৈরি হয়েছে, তা স্পষ্ট হয়ে ওঠে এই উদ্যাপনের মধ্য দিয়েই। স্থানীয় বাসিন্দা পিংকি সাহা বলেন, “মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছেন, আমরা খুবই খুশি। তাঁকে আন্তরিক ধন্যবাদ।” রুমা দত্তের কথায়, “লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ায় আমরা দারুণ আনন্দিত। তাই আবির খেলে এবং মিষ্টিমুখ করে এই খুশি ভাগ করে নিলাম।”








