জাঙ্গিপাড়া থানায় চালু হল ই-মালখানা ও শিশু-বান্ধব কর্ণার
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি:
হুগলি গ্রামীণ পুলিশ জেলার আওতাধীন জাঙ্গিপাড়া থানার উদ্যোগে মঙ্গলবার সমাজকল্যাণ ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মসূচি। এদিন থানায় আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ডিজিটাল ই-মালখানা এবং শিশু-বান্ধব কর্ণার ইউনিট।
শিশুদের জন্য নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে শিশু-বান্ধব কর্ণার স্থাপন করা হয়েছে। পাশাপাশি, ই-মালখানার মাধ্যমে তদন্তে বাজেয়াপ্ত জিনিসপত্র সংরক্ষণের আধুনিক ও স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে, যা পুলিশের জবাবদিহিতা ও কার্যকারিতা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।
এই উপলক্ষে থানার সিভিক ভলান্টিয়ারদের মধ্যে ২৫৫টি হেলমেট বিতরণ এবং শীতপ্রধান এলাকায় দরিদ্র মানুষের জন্য ২০০টি কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামানাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায়, চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার, সিআই সন্দীপ কুমার গাঙ্গুলি ও আঁটপুর রামকৃষ্ণ মঠের স্বামী বশনন্দ মহারাজসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জাঙ্গিপাড়া থানার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠনগুলি, যা পুলিশের মানবিক ও আধুনিক ভাবনার প্রতিফলন বলে মন্তব্য করেছেন অনেকেই।








