‘হেড অব দি মাদ্রাসা অ্যাওয়ার্ড–২৫’ সম্মান পেলেন শুক্রবারি আবুল কাশেম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ড. ওবাইদুর রহমান
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
মালদা জেলার চাঁচল–২ ব্লকের শুক্রবারি আবুল কাশেম হাই মাদ্রাসার (উচ্চ মাধ্যমিক) প্রধান শিক্ষক ড. ওবাইদুর রহমান পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ প্রদত্ত ‘হেড অব দি মাদ্রাসা অ্যাওয়ার্ড–২৫’ সম্মানে ভূষিত হলেন।
মঙ্গলবার কলকাতার সল্টলেকের মাওলানা আবুল কালাম আজাদ ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। মাওলানা আবুল কালাম আজাদের ১৩৭তম জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উদ্যোগে এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সহযোগিতায় “মাওলানা আবুল কালাম আজাদ স্মারক বক্তৃতা–২০২৫” ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভা সাংসদ নাদিমুল হক, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, দপ্তরের সচিব ড. পি. বি. সালিম, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. সেখ আবু তাহের কমরুদ্দিন, সহ-সচিব ড. আজিজার রহমান, পর্ষদ সদস্য এ. কে. এম. ফারহাদ প্রমুখ।
পর্ষদ সূত্রে জানা গেছে, এ বছর রাজ্যের ছয়টি মাদ্রাসার প্রধান শিক্ষককে এই সম্মাননা দেওয়া হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রাপক ড. ওবাইদুর রহমান। উল্লেখযোগ্যভাবে, তিনি গত ৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন সম্মাননা–২০২৫’-এও ভূষিত হয়েছিলেন।
ড. রহমান বলেন, “এই সম্মান আমার জীবনের এক বড় প্রাপ্তি। এটি শুধু ব্যক্তিগত গর্ব নয়, মাদ্রাসা শিক্ষাব্যবস্থার প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।”
২০০১ সালে বিরামপুর হাই স্কুলে সহ-শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে তিনি মানিকচক শিক্ষা নিকেতন ও জালালপুর এইচ.আর.এ. হাই স্কুলে শিক্ষকতা করেন। ২০১৫ সালে গোয়ালপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন এবং ২০২০ সাল থেকে শুক্রবারি আবুল কাশেম হাই মাদ্রাসায় কর্মরত।
শিক্ষা বিস্তার ও সমাজসেবায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।








