আন্তর্জাতিক স্বীকৃতিতে সম্মানিত হলেন ড. আলিশা ইবকার
আবু রাইহান, নতুন পয়গাম, কালিয়াচক:
আন্তর্জাতিক স্তরে নতুন মাইলফলক স্থাপন করলেন মালদার কালিয়াচকের কন্যা ড. আলিশা ইবকার। সম্প্রতি আমেরিকান সোসাইটি ফর থিয়েটার রিসার্চ তাঁকে ২০২৫ সালের সেরা গবেষণা পত্রের সম্মানে ভূষিত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে ৬ নভেম্বর গবেষণা উপস্থাপন ও ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি। ইংরেজি সাহিত্যের থিয়েটার বিভাগে এটি আন্তর্জাতিকভাবে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। শতাধিক প্রতিদ্বন্দ্বী গবেষণার মধ্য থেকে কঠোর মূল্যায়নে আলিশার গবেষণাই নির্বাচিত হয়েছে সেরার সেরা হিসেবে।
বর্তমানে তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে গবেষণারত এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা। শিক্ষাজীবনে একাধিক স্বর্ণপদক ও “পাপামিয়া পদ্মভূষণ” উপাধি অর্জন করেন। পরবর্তীতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি ও জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গবেষণা শুরু করেন।
তিনি ভারতের একমাত্র কমনওয়েলথ স্কলার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিশেষ সম্মান লাভ করেন।
ড. আলিশার পিতা ড. হাজারুল ইবকার কালিয়াচকের চিকিৎসক ও মা তানিয়া রহমত বিশিষ্ট বিশেষ শিক্ষিকা। ছোট বোন আলিফিয়া ইবকার বর্তমানে আমেরিকায় গবেষণারত।
পিতা-মাতার বক্তব্য, “এটি শুধু আমাদের নয়, গোটা দেশের গর্ব।”
“নিন্দুকেরা গল্প বলবে, কিন্তু কালিয়াচক এগিয়ে চলবে স্বমহিমায়।”








