শিক্ষারত্ন সম্মানা পেলেন ড. আবুল হোসেন বিশ্বাস
নতুন পয়গাম, কলকাতা, ১০ সেপ্টেম্বর: রাজ্য সরকারের শিক্ষারত্ন-২০২৫ সম্মাননায় ভূষিত হলেন বেলতলা হাই মাদ্রাসার (উ.মা) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. আবুল হোসেন বিশ্বাস। শিক্ষায় তার অনন্য অবদান ও শিক্ষা বিস্তারে তার স্বতন্ত্র ও ব্যতিক্রমী ভূমিকা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার তাকে এই সম্মাননা দিয়েছে।
আগাগোড়া ক্লাসের ফার্স্ট বয় ড. বিশ্বাস এম.এ (ইংরেজী)-তে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন। তৎকালীন রাজ্যপাল এ.আর.কিদোয়াই-এর হাত থেকে স্বর্ণপদক প্রাপ্ত হন। ২০১৫ সালে কাজী নজরুল ইসলামকে নিয়ে ইংরেজীতে গবেষণা করে ডক্টরেট উপাধি পান আবুল হোসেন বিশ্বাস। তিনিই প্রথম ভারতীয়, যিনি নজরুলকে নিয়ে ইংরেজীতে পিএইচডি করেন। The Secular Vision of Kazi Nazrul Islam হল তার গবেষণালব্ধ বই। ২০১৮ সালে নতুন গতি নজরুল স্মারক পুরস্কার, ২০২২ সালে Zee-24 ঘণ্টা পুরস্কারে সম্মানিত হন। প্রখ্যাত শিক্ষাবিদ, ভূতপূর্ব গবেষক ড. বিশ্বাস নদিয়া জেলা বিদ্যালয় পরিদর্শকের জেলা স্তরের সদস্য হিসেবে (ডিএলআইটি) ও ডিএলএসি মেম্মার হিসেবে কাজ করে আসছেন বেশ কয়েক বছর ধরে অত্যন্ত দক্ষতার সাথে।








