বিহারে দুয়ারে ভোট: লালু-রাবড়ি-তেজস্বীর নামে চার্জ গঠন
নতুন পয়গাম, পাটনা:
বিহারে সামনেই বিধানসভা নির্বাচন। ৬ এবং ১১ নভেম্বর ভোট হবে। তার আগে লালু প্রসাদ যাদব, তার পুত্র বিহারের তরুণতুর্কি নেতা তেজস্বী যাদব এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সোমবার আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু, তার স্ত্রী রাবড়ি দেবী এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত।
সোমবার এই রায় সমানে আসার পরই বিহারে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। লালুর দল আরজেডি-র দাবি রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করছে বিজেপি তথা কেন্দ্র সরকার। যদিও লালু এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরাসরি কোন দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালে আইআরসিটিসি চুক্তি বরাদ্দে দুর্নীতি হয়। এই চুক্তির বিনিময়ে লালু যাদব নাকি এক বেনামী কোম্পানির মাধ্যমে তিন একর মূল্যবান জমি পেয়েছেন। এরপর সিবিআই ২০১৭ সালে লালু এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর করে। সিবিআই দিল্লির আদালতে জানায় যে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য রয়েছে। লালু যাদবের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে কোনও তথ্য নেই এবং টেন্ডার গুলি নিয়ম মেনেই দেওয়া হয়েছিল। তবুও এই মামলায় দীর্ঘদিন ধরে লালু ও তার পরিবারকে হেনস্থা করছে মোদি-শাহের সরকার, এমনই অভিযোগ আরজেডি-র। বিশেষ করে নির্বাচন এলেই এই পুরনো বস্তাপচা প্রমাণহীন মামলা চাগাড় দেয়।








