আজ থেকে বাড়ি বাড়ি বিএলও
নতুন পয়গাম, কলকাতা:
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর। আজ থেকে সবার দুয়ারে যাবেন বিএলওরা। এটাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা এনুমারেশন ফর্ম দেবেন দু-কপি করে। সেটি পূরণ করে জমা দিতে হবে। এক কপি বিএলও নেবেন, আর এক কপি আপনার কাছে রিসিভ হিসেবে থাকবে। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে আগামী একমাস ধরে চলবে এসআইআর-এর এই কাজ। রাজ্যে প্রায় ৮১ হাজার বুথ রয়েছে। সব বুথেই ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলও’রা। পরে ফের আপনাদের বাড়ি গিয়ে পূরণ করা ফর্ম নিয়ে আসবেন তারা। ৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই পর্ব। পূরণ করা ফর্ম যাচাই বাছাই করে বা খতিয়ে দেখে ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
রাজ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, কর্মরত বিএলওদের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব থাকবে জেলাশাসকের হাতে। যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সব ভোটারের এনুমারেশন ফর্ম ফিলাপ এবং সমগ্র এসআইআর প্রক্রিয়া সমাপ্ত হয়, তার তদারক করবেন জেলা শাসক।
অন্যদিকে বিএলওদের যেসব নিয়ম মেনে চলতে হবে, সে প্রসঙ্গে নির্বাচন কমিশন গাইড লাইন দিয়ে জানিয়েছে, প্রতিটা বাড়িতে সর্বোচ্চ তিনবার করে যাবেন বিএলওরা। সঙ্গে থাকবেন বিএলএও। তবে কোনও ক্ষেত্রে বিএলএ অনুপস্থিত থাকলে বিএলওদের দায়িত্ব পালন করতে হবে। এমনকি কোনও বাড়ি যদি তালাবন্ধ থাকে, সেক্ষেত্রে ওই বাড়ির জিও ট্যাগিং করা ছবি তুলে পাঠাতে হবে ইআরও-কে। কিন্তু, বন্ধ থাকার অজুহাতে কোনও বাড়ি বাদ দেওয়া যাবে না। এছাড়াও বিএলওরা কাকে ফর্ম দিলেন, সেই তথ্য সঙ্গে সঙ্গে আপলোড করতে হবে অ্যাপ-এ।
বাড়ি বাড়ি যেসব বিএলও যাবেন, তাদের প্রত্যেকের কাছে কিউআর কোড-সহ পরিচয়পত্র থাকবে। এ থেকে প্রমাণ হবে তারা আসল নাকি নকল বিএলও। ওই কোড স্ক্যান করলেই জানা যাবে তাঁর আসল পরিচয়। এছাড়া যে কোনও প্রশ্নের জবাব পেতে ফোন করা যেতে পারে ১৯৫০ নম্বরে।








