‘ভারতের মুক্তি সংগ্রামে বাংলা’ তথ্যচিত্র প্রদর্শনী
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা: স্বাধীনতা আন্দোলনে বাংলা ও বাঙালির ভূমিকা তুলে ধরতে তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করল মালদার চাঁচল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর। সোমবার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের কাছারিবাড়িতে ‘ভারতের মুক্তি সংগ্রামে বাংলা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে ইতিহাস চেতনা জাগ্রত করতে এই আয়োজন। প্রদর্শনীর উদ্বোধন করেন চাঁচল মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর যোগেশচন্দ্র মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক তন্বীশ্রী মাঝি, সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক পার্থ চক্রবর্তী-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। কিন্তু মালদা জেলা স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালের ১৮ আগষ্ট। তাই এই দিনটিকে স্মরণীয় করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ১৮, ১৯, ২০ আগস্ট বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন ও লড়াইয়ে বাংলার বিপ্লবীদের বিশেষ অবদান রয়েছে। সেই ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতে এই তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন। সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক পার্থ চক্রবর্তী বলেন, এই আয়োজন খুবই প্রাসঙ্গিক। পড়ুয়ারা এই প্রদর্শনীর মাধ্যমে সঠিক ইতিহাস জানতে পারবে এবং ভীষণভাবে উপকৃত হবে।








