মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: খেলাধুলার প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ বাড়াতে দুই দিনব্যাপী জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ডায়মন্ড হারবার মেরা যুব ভারতের সহযোগিতায়। মেরা যুব ভারত-এর সহায়তায় মগরাহাট এক নম্বর ব্লক-এর ঘটকপুর শ্রীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্র-এর উদ্যোগে শনি ও রবিবার আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার ইভেন্টগুলির মধ্যে ছিল পুরুষদের ৪০০ মিটার দৌড় ও উচ্চ লম্ফন, মহিলাদের দীর্ঘ লম্ফন এবং দলগত বিভাগে কাবাডি ও ব্যাডমিন্টন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরা যুব ভারতের স্টেট ডিরেক্টর সনৎ কুমার পাইক, অ্যাকাউন্ট্যান্ট কপিল কুমার, সংগঠক তপব্রত নস্কর, জাতীয় কাবাডি ব্যক্তিত্ব অরুণ মন্ডল, বেঙ্গল পুলিশ-এর কাবাডি কোচ উৎপল পাইক, রোটারি ক্লাব কলকাতা-এর প্রতিনিধি শ্রাবণী মিত্র ও জয়শ্রী চ্যাটার্জী, সমাজসেবী সুরঞ্জন চক্রবর্তী এবং ঘটকপুর অভিযাত্রী সংঘের সম্পাদক শক্তি সাধন ঘোষ প্রমুখ।
অতিথিদের বক্তব্যে উঠে আসে, বর্তমান প্রজন্মের অনেকেই মাঠের খেলাধুলা ও শরীরচর্চা থেকে দূরে সরে মোবাইলনির্ভর হয়ে পড়ছে। পড়াশোনার পাশাপাশি সুস্থ শরীর গঠনে নিয়মিত খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশেষত গ্রামীণ এলাকায় বহু ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। সেই প্রেক্ষিতেই যুবসমাজকে মাঠমুখী করতে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ক্লাস্টার স্তরের পর জেলা স্তরের প্রতিযোগিতার আয়োজন করছে মেরা যুব ভারত। দু’দিনের এই প্রতিযোগিতায় প্রায় দু’শ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। রবিবার জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় চারটি ফুটবল দল এবং মহিলা বিভাগের ক্যারাটে দল অংশ নেয়। মহিলাদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে বিশেষভাবে ক্যারাটে প্রতিযোগিতা রাখা হয় বলে আয়োজকরা জানান। বিভিন্ন এলাকা থেকে বহু দর্শক খেলা দেখতে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সনৎ পাইক, কপিল কুমার, তপব্রত নস্কর, শক্তি সাধন ঘোষ, সুরঞ্জন চক্রবর্তী, বিক্রম প্রামানিক, অরুণ মন্ডল, উৎপল পাইক সহ অন্যান্য অতিথিরা। শেষে কেন্দ্রের সম্পাদিকা সংঘমিত্রা ঘোষ মেরা যুব ভারতের ডিওয়াইও অরুনিমা মহাশয়া-কে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানান।









