পারফরম্যান্স অনুযায়ী শিক্ষকদেরও প্রমোশন চালু হোক: বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম
নতুন পয়গাম, নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:
বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মুর্শিদাবাদ জেলা শাখা আয়োজিত শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার বহরমপুরের ঋত্বিক সদনে। এদিন উপস্থিত ছিলেন প্রায় জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আসা হাজার খানেক শিক্ষক।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শামসুর রহমান, ইসরারুল হক মন্ডল, মীর রবিউল ইসলাম, কাইসার রশিদ, আসিকুল আলম, মাসুদ নাস্তুর , মেহেদী হাসান, জানে আলম , কবিরুল ইসলাম, ফিরোজ আলী, মাহফুজুর রহমান, সাদিকুল ইসলাম প্রমুখ। একদিকে যেমন মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য রক্ষা করতে হবে অন্যদিকে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করতে হবে এই লক্ষ্য নিয়ে মাদ্রাসার বিভিন্ন সংকট নিরসনে ও উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা হয়।
সম্মেলনে প্রধান দাবিগুলির মধ্যে ছিল—দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ, সপ্তম এস এল এস টি আপার প্রাইমারী আরবি বিষয়ের ফল প্রকাশ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান, প্রধান শিক্ষক নিয়োগ , আইসিটি শিক্ষকদের নিয়মিত বেতন প্রদান ও স্থায়ীকরণ,শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ, ডিজিটাল ব্যবস্থা চালু এবং অনলাইন ফাইল ট্র্যাকিং ব্যবস্থা কার্যকর করা প্রমুখ। বক্তারা জানান, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি। অন্যথায় শিক্ষার সামগ্রিক মান ব্যাহত হবে।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কটুক্তির প্রসঙ্গে প্রশ্ন করা হলে সহ সম্পাদক আসিকুল আলম বলেন,”ওটা ফায়দা তোলার জন্য রাজনৈতিক মন্তব্য।উনি নিজেও জানেন পশ্চিমবঙ্গের মাদ্রাসা পাস ছাত্রছাত্রীরা আজ শিক্ষক ,ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হয়েছেন- নাসায় কাজ করছেন।”
অতিরিক্ত জেলা শাসক সামসুর রহমান আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধের শিক্ষা যোগ করার পরামর্শ দেন। সভাপতি ইসরারুল হক মন্ডল মন্তব্য করেন,”সরকারের উচিত পারফরম্যান্স অনুযায়ী শিক্ষকদেরও গ্রেডে ভাগ করে প্রমোশন প্রথা চালু করা।”
প্রসঙ্গত উল্লেখ্য এই সংগঠন আগামী মার্চ মাসে কলকাতায় তাদের রাজ্য সম্মেলনের আয়োজন করছে। সেখানে দেশ-বিদেশ থেকে বহু শিক্ষাবিদ উপস্থিত হবেন বলে তারা দাবি করেছেন।








