পুরুলিয়ায় অনুবাদ কুরআন বিতরণ
নতুন পয়গাম, পুরুলিয়া:
পুরুলিয়া শহরের কুরাইশী ক্লাবে বুধবার কুরআন বিষয়ক এক আলোচনাসভা ও অনুবাদ কুরআন বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। বাংলা, উর্দু ও হিন্দি — তিন ভাষায় ‘আল কুরআন একাডেমি লন্ডন’-এর অনূদিত তিন শতাধিক পবিত্র কুরআনের কপি বিনামূল্যে বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে।
‘দ্য কুরআন স্টাডি সার্কেল’ আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম মুহাম্মদ লাডলা, মাওলানা মুহাম্মদ রাকিব হক, পুরুলিয়া জেলা প্রতিনিধি সারফরাজ সেখ, সহেল দাদ খান, দক্ষিণ চব্বিশ পরগনার মাওলানা আব্দুস সালাম আলিয়াভী, হাওড়া জেলার মাওলানা বনি আমিন মিদ্যা-সহ স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনগণ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাওলানা মুহাম্মদ রাকিব হক তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কুরআন মানবজাতির মুক্তির দিকনির্দেশনা। আমরা যদি মাতৃভাষায় কুরআনের মানে-মতলব বুঝে জীবনে অনুসরণ করি, তবে সমাজে ন্যায়, শান্তি ও মানবতা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংগঠনের সভাপতি গোলাম মুহাম্মদ লাডলা বলেন, দ্য কুরআন স্টাডি সার্কেল আল্লাহর বাণীকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ করছে। অনুবাদ কুরআনের মাধ্যমে সত্য, ইনসাফ ও শান্তির বার্তা সমাজে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।








