জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ
নতুন পয়গাম, কুদ্দুস আলি মোল্লা, উত্তর ২৪ পরগনা: পবিত্র মাহে রমজান উপলক্ষে জামাআতে ইসলামী হিন্দ-এর রাইগাছি মোকামের উদ্যোগে প্রায় ১৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উত্তর ২৪ পরগনার রাইগাছি এলাকায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। বিতরণ কর্মসূচিতে ছোলা, বুট, মুড়ি, খেজুর, চিনি-সহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের মূল শিক্ষা আত্মসংযম, সহমর্মিতা ও সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো— এই ভাবনা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মোকামিয়া আমির কুতুব উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন শাহ, সিরাজ উদ্দিন মোল্লা ও আব্দুল জলিল-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা বলেন, সমাজের সচ্ছল মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো এবং রমজানের প্রকৃত তাৎপর্য সমাজে ছড়িয়ে দেওয়া। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।








