মোহনবাগান সমর্থকদের বিক্ষোভের মুখে মেজাজ হারালেন দিমি পেট্রাটোস
নতুন পয়গাম:
মোহনবাগান খেলোয়াড়দের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ চরমে। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া এটা নিয়ে সরগরম। সেটা চরমে পৌঁছাল মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে।এদিস অনুশীলন ছিল মোহনবাগানের। অনুশীলন চলাকালীন সল্টলেক স্টেডিয়ামের গেটের বাইরে বিক্ষোভ জানায় একদল সমর্থক। এরপর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশকে আসরে নামতে হয়। তবে এখানেই সমস্যা মেটেনি। গেটের বাইরে প্র্যাকটিস সেরে বেরোনোর সময় খেলোয়াড়দের গাড়ি ঘেরাও করে সমর্থকরা। থামানো হয় জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাটোসদের গাড়ি। সমর্থকদের সঙ্গে সরাসরি কথা বলেন তারা। গাড়ি থেকে নেমে সাপোর্টারদের সঙ্গে বেশ তর্কবিতর্কও হয় দিমিদের।
সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন মোহনবাগানের অস্ট্রেলীয় খেলোয়াড়রা। তাঁরা বলেন, তাঁদের দেশ ইরানে গিয়ে খেলার অনুমতি দেয় না। সেই কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়া সম্ভব হয়নি তাঁদের। জেমি তাঁদের সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধ জানান। দুই অজি তারকা মাথা ঠাণ্ডা রাখলেও, কিছুটা ঔদ্ধত্য দেখান দিমি।সমর্থকরা কথা কাটাকাটির ভিডিও করলে তিনি তা রাগান্বিত হয়ে ছিনিয়ে নেন।আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি সন্তুষ্ট নয়। যাতে আরও ক্ষিপ্ত হয়ে যায় সমর্থকরা। বাগান সাপোর্টাররা এএফসিতে না খেলতে যাওয়া নিয়ে অজি ত্রয়ীকে সরাসরি প্রশ্ন করে। শেষমেষ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। পুলিশের ঘেরাটোপে গাড়িতে ওঠে অজি ফুটবলাররা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে ইরানে যায়নি মোহনবাগান। যার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে সাসপেন্ড করা হয় মোহনবাগানকে। যা মেনে নিতে পারেনি সমর্থকরা।








