ধূপগুড়িতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, আহত চালক
প্রীতিময় সরখেল
নতুন পয়গাম, জলপাইগুড়ি:
ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন লরিচালক নুর আলম (৩৫)। গাড়ির ভেতর দীর্ঘ সময় আটকে থাকার পর দমকল, পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে টানা এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল একটি সিমেন্ট বোঝাই লরি। উল্টো দিক থেকে আসছিল একটি পর্ণবাহী লরি। আচমকা সিমেন্ট বোঝাই লরিটির সামনের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে, একটি লরির চালক গাড়ির ভেতর আটকে পড়েন।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় ধূপগুড়ি দমকল বাহিনী ও থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারে এগিয়ে আসেন। প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টার পর আহত চালককে গাড়ি থেকে বের করে আনা সম্ভব হয়।
এই ঘটনায় এশিয়ান হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুই পাশে লম্বা গাড়ির লাইন পড়ে যায়। পরে দুর্ঘটনাগ্রস্ত দুটি লরি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মজিবুল আলম বলেন, “আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি একটি লরির চাকা ফেটে যায়, তারপর প্রচণ্ড শব্দে দুটি গাড়ি মুখোমুখি ধাক্কা খায়। কাছাকাছি গিয়ে দেখি এক চালক লরির ভেতর আটকে আছেন। পরে পুলিশ, দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়।”
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত দুটি লরি আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








