বড় রান করেও হার দিল্লির, মেয়েদের আইপিএল জিতলেন স্মৃতিরা
নতুন পয়গাম ডেস্ক: ফাইনালে ২০৩ রান করেও শেষ রক্ষা হল না দিল্লির। ২ বল বাকি থাকতেই সেই রান ছুঁয়ে ফেললো বিরাট কোহলিদের ফিমেল ভার্সন। ফলে ২০২৪ এর মতো আবারও স্বপ্নভঙ্গের দিল্লির। মহিলাদের প্রিমিয়ার লিগে (ডব্লুপিএল)চার চারবার ফাইনাল খেলেও ট্রফি ছোঁয়া হল না দিল্লি ক্যাপিটালসের। বৃহস্পতিবার নাটকীয় খেতাবি যুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ উইকেটে হেরে রানার্স জেমাইমা রডরিগেজরা। অন্যদিকে, ২০২৪ সালের পর ফের খেতাব জিতল আরসিবি। দুই বন্ধুর লড়াইয়ে জেমাইমাকে টেক্কা দিয়ে বিজয়োল্লাসে মাতলেন স্মৃতি। শাপমুক্তির তাগিদ নিয়ে ফাইনালে নেমেছিল দিল্লি। কিন্তু বড় রান তুলেও শেষরক্ষা হল না। প্রথমে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন জেমাইমার ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২০৩ তুলেছিল তারা। কিন্তু স্মৃতি মান্ধানা ও জর্জিয়া ভলের দুরন্ত যুগলবন্দিতে সেই রান তাড়া করে জয় তুলে নেয় আরসিবি। মাত্র ৪১ বলে স্মৃতি করেন ৮৭ রান। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও তিনটি ছক্কা। আর জর্জিয়ার সংগ্রহ ৫৪ বলে ৭৯। ১৯তম ওভারে স্মৃতি আউট হতেই আচমকা চাপে পড়ে যায় আরসিবি। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। তৃতীয় ও চতুর্থ বলে পর পর বাউন্ডারি হাঁকিয়ে দিল্লির আশায় জল ঢেলে দেন রাধা যাদব। দু’বল বাকি থাকতে লক্ষ্য টপকে যায় আরসিবি (২০৪-৪)।
অথচ দিল্লির ইনিংসের সময় মনে হয়েছিল দিনটা তাদেরই। ওপেনিং জুটিতে লিজেল লি ও শেফালি ভার্মা ৪৯ রান তুলে শক্ত ভিত গড়ে দেন। ৩০ বলে ৩৭ করেন লি। ২০ রানে আউট হন শেফালি। জোড়া উইকেটের পতনেও দিল্লির রানের গতি কমেনি। বরং লরা উলভার্টের সঙ্গে জুটিতে ক্যাপ্টেন জেমাইমা রডরিগেজ ঝড়ের গতিতে রান যোগ করেন। ৪৪ করে উলভার্ট রান আউট হন। জেমাইমা ৩৭ বলে হাঁকান দুরন্ত ৫৭ রান। ১৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন চিনেলি হেনরি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে দুশোর গণ্ডি টপকেছিল দিল্লি। তাতেও মিলল না সাফল্যের দিশা।এবার কি তবে চোকার্স তকমা দিল্লির দিকে যাচ্ছে!








