ভাঙড়ে তৃণমূল নেতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য
মানহানির মামলা আইএসএফ কর্মীর বিরুদ্ধে
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়:
ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও প্রাণনাশের হুমকি ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, আইএসএফের এক মহিলা কর্মী একাধিক ভাষায় রফিকুল ইসলামকে আক্রমণ করেন কুরুচিকর মন্তব্যের মাধ্যমে। ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার জেরে ক্ষুব্ধ রফিকুল ইসলাম কলকাতা পুলিশের উত্তর কাশিপুর থানায় ওই কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। তৃণমূল সূত্রের দাবি, ইচ্ছাকৃতভাবেই ওই মন্তব্য করে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আইএসএফ।
উল্লেখ্য, কয়েকদিন আগে শতাধিক কর্মী নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কংগ্রেস ব্লক সভাপতি রফিকুল ইসলাম। এরপরেই, ভাঙড়ের আইএসএফ মহিলা কর্মীর পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়। ব্যক্তিগত আক্রমণ এবং অবমাননাকর ভাষার প্রতিবাদে শেষমেশ থানার দারস্থ হলেন রফিকুল ইসলাম ( বাপি)।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, এ ধরনের মন্তব্য প্রমাণ করছে বিরোধীরা মরিয়া হয়ে নীচু রাজনীতি করছে।








