ডেঙ্গু মৃত্যুশূন্য বনগাঁয়
নতুন পয়গাম, বনগাঁ:
ডেঙ্গু চিকিৎসায় অসামান্য সাফল্যের জেরে রাজ্য সরকারের স্বীকৃতি পেল বনগাঁ মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল। ডেঙ্গু মোকাবিলায় কার্যকরী উদ্যোগ এবং নিখুঁত ব্যবস্থাপনার জন্য একে ‘রাজ্যের সেরা’ ও ‘মডেল হাসপাতাল’-এর মর্যাদা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে চিকিৎসক ও নার্সরা বনগাঁ হাসপাতালে এসে বিশেষ প্রশিক্ষণ নেবেন ডেঙ্গু চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বনগাঁ হাসপাতালে ভর্তি হওয়া প্রতিটি ডেঙ্গু আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি, এমনকি কোনও রোগীকেও অন্যত্র রেফার করতে হয়নি — যা রাজ্যে এক বিরল দৃষ্টান্ত।
রাজ্যের একটি বিশেষ পর্যবেক্ষক দল সম্প্রতি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার পরিকাঠামো ও প্রস্তুতি খতিয়ে দেখে। তাদের রিপোর্টে বনগাঁ হাসপাতালের পরিকল্পনা, দ্রুত চিকিৎসা ব্যবস্থা এবং ফলাফল বিশেষভাবে প্রশংসিত হয়।
এ বছর ১৬ অক্টোবর পর্যন্ত মোট ৩৩৫ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছিলেন। প্রত্যেকেই সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। চিকিৎসক, নার্স, হাসপাতালের অন্যান্য কর্মী এবং গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা সমন্বিতভাবে কাজ করায় এই সাফল্য সম্ভব হয়েছে। নিয়মিত প্লেটলেট পর্যবেক্ষণ, নিবিড় পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসা – প্রতিটি ধাপে দায়িত্বশীলতা ছিল চোখে পড়ার মতো।
গ্রামাঞ্চলে ‘ফিল্ড ওয়ার্কার’দের সক্রিয় ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ হাসপাতালগুলিতেও সময়মতো চিকিৎসা পাওয়ায় অনেক রোগী সেখানে সুস্থ হয়ে উঠেছেন।
এই সাফল্যে উচ্ছ্বসিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, বনগাঁ মহকুমা স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহা রায়। তারা এই কৃতিত্বের জন্য চিকিৎসক, নার্স, ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।








