প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের সমাধিস্থলের দাবি
বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের স্মারকলিপি পেশ
নতুন পয়গাম, বারুইপুর:
বারুইপুর এলাকায় প্রটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মালম্বীদের জন্য পৃথক সমাধিস্থলের দাবিতে আজ বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হলো বারুইপুর এস ডি এল আর ও (SDLRO )-র কাছে। এর আগে একই দাবি নিয়ে বারুইপুর এস ডি ও–র কাছে স্মারকলিপি জমা দেওয়া হলে তিনি এস ডি এল আর ও–র নিকটও একটি কপি জমা দেওয়ার পরামর্শ দেন। উভয় আধিকারিকই এই গুরুত্বপূর্ণ দাবির দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছেন।
বর্তমানে বারুইপুর এলাকায় প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের জন্য কোনও নির্দিষ্ট সমাধিস্থল নেই। দীর্ঘদিনের এই সমস্যারই স্থায়ী সমাধান চেয়ে আজকের উদ্যোগ।
স্মারকলিপি জমা দেওয়ার প্রতিনিধি দলে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন –
ফাদার শ্যামল ঘড়ুই, ফাদার দেবাশীষ আড্ডি, মহিলা প্রতিনিধি মারিয়া ঘড়ুই এবং বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদের কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ পাটুলি প্রমুখ।
প্রতিনিধিদের বক্তব্য, “প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের জন্য সমাধিস্থল প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী।”








