রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবি খারিজ ‘১৪০ কোটির স্বার্থই আগে’, কড়া বার্তা দিল্লির
নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে ভারত এখন ভেনেজুয়েলা থেকে জ্বালানি সংগ্রহ করবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই সিদ্ধান্ত ভারত সম্পূর্ণ স্বাধীনভাবেই নেবে।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রাশিয়ার থেকে তেল কেনায় দাঁড়ি টানছে। এর প্রতিক্রিয়ায় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা একাধিক উৎস থেকে জ্বালানি সংগ্রহ করি। ১.৪ বিলিয়ন ভারতীয়র জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কৌশল এবং ভবিষ্যতেও তাই থাকবে।” সরাসরি রুশ তেলের কথা উল্লেখ না করলেও তাঁর এই বার্তা বুঝিয়ে দিয়েছে যে, ভারত নিজের প্রয়োজন অনুযায়ী যেকোনো দেশ থেকেই তেল কিনবে।
রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেন যে, ভেনেজুয়েলা ভারতের দীর্ঘদিনের অংশীদার। ২০২৩-২৪ সালে ফের সেখান থেকে তেল কেনা শুরু হলেও নিষেধাজ্ঞার কারণে তা বাধাগ্রস্ত হয়। ভারত বর্তমানে ভেনেজুয়েলা থেকে তেল কেনার বিষয়টি পুনরায় বিবেচনা করতে প্রস্তুত। বর্তমানে ভারত প্রতিদিন প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করে, যা ভারতের মোট আমদানির এক-তৃতীয়াংশেরও বেশি। এমনকি ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর পরেও এই আমদানি অব্যাহত রয়েছে।
নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, জ্বালানি সংগ্রহে ভারত কারোর কোনো ‘জারিজুরি’ মেনে নেবে না। রাশিয়ার অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হিসেবে ভারত তার জাতীয় স্বার্থ বজায় রাখতে বদ্ধপরিকর।








