‘লক্ষ্মীর ভাণ্ডার’ নকল করেও ব্যর্থ দিল্লি বছর ঘুরলেও চালু হল না ২৫০০ টাকার প্রকল্প
নতুন পয়গাম, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কে কটাক্ষ করলেও, সেই মডেল নকল করে একাধিক রাজ্যে ভোট বৈতরণী পার হওয়ার কৌশল নিয়েছিল বিজেপি। তবে দিল্লিতে ক্ষমতায় আসার এক বছর কেটে গেলেও এখনও আলোর মুখ দেখল না প্রতিশ্রুত ‘মহিলা সম্মান যোজনা’। রাজধানীর মহিলারা আজও অপেক্ষায় রয়েছেন সেই প্রতিশ্রুতির ২৫০০ টাকার জন্য, যা নিয়ে এখন সরব বিরোধীরা।
গতবছর কেজরিওয়ালের আমআদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন রেখা গুপ্তা। নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অন্যতম প্রধান অস্ত্র ছিল ‘মহিলা সম্মান যোজনা’, যেখানে ২১ থেকে ৬৫ বছর বয়সী মহিলাদের মাসে ২৫০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শর্ত ছিল, পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। কথা ছিল ২০২৫ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস থেকে এই অর্থ প্রদান শুরু হবে। কিন্তু বাস্তবে সেই দিন পেরিয়ে বছর ঘুরতে চললেও দিল্লির কোনো মহিলার হাতে ওই টাকা পৌঁছায়নি।
এই পরিস্থিতিকে বিজেপির ‘জুমলাবাজি’ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বিহারেও ভোটের পর বন্ধ হয়ে গিয়েছে ১০ হাজারি মহিলা ভাতা। তৃণমূলের দাবি, বাংলায় ধনী-দরিদ্র নির্বিশেষে সকল নারী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পান। গত সপ্তাহের অন্তর্বর্তী বাজেটে মমতার সরকার এই প্রকল্পে ৫০০ টাকা করে বাড়িয়েছে। চলতি মাস থেকেই বাংলার মহিলারা বর্ধিত হারে এই ভাতা পাবেন।
মধ্যপ্রদেশ বা হিমাচল প্রদেশেও মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার নাম করে সাম্প্রতিক বছরগুলোতে নানা প্রকল্প ঘোষণা করা হয়েছে। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে বাংলার তৎপরতা ও সাফল্য অন্য রাজ্যগুলোর তুলনায় অনেক বেশি।








