শীতের রাতে মন্দিরে দুঃসাহসিক চুরি
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
শীতের রাতে দুঃসাহসিক চুরি, ধূপগুড়ি শহরের জাগ্রত মায়ের মন্দিরে লুট সোনা–রুপো সহ নগদ টাকা।খোয়া গিয়েছে লক্ষ টাকার অলংকার দাবি মন্দির কমিটির। চিন্তিত শহরবাসী। আতঙ্কে মন্দির কমিটি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।
ধূপগুড়ি শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। শহরের প্রখ্যাত জাগ্রত মায়ের স্থান মন্দির চত্বরে থাকা একাধিক মন্দিরে জানালার গ্রিল কেটে চুরি করল দুষ্কৃতীরা। চোরের দল সোনা ও রুপোর গহনা সহ দানবাক্সের নগদ টাকা নিয়ে চম্পট দেয়।প্রাথমিক অনুমান প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে সোনার গহনা এবং এক লক্ষ টাকার উপরে রুপোর গহনা খোয়া গেছে বলে মন্দির সূত্রে খবর।
মন্দির সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ১৭ মিনিট নাগাদ জানালার গ্রিল কেটে মন্দির চত্বরে প্রবেশ করে চোরের দল। সেই মুহূর্তের ছবি ধরা পড়েছে মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরায়।সিসিটিভির ক্যামেরায় দেখা গিয়েছে তিনজন চোর গ্রিল কেটে মন্দিরের ভিতরে প্রবেশ করে। এমনটাই পুলিশ সূত্রে খবর।
সকালে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ নিয়মিত পুজো দিতে এসে পুরোহিত প্রথম বিষয়টি লক্ষ্য করেন। দেখা যায়, মন্দিরের মূল গেটের তালা অক্ষত রেখেই পাশের গ্রিল কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর একই ছাদের তলায় অবস্থিত কালী মন্দির, থানেশ্বরী দেবীর মন্দির ও দেবী দুর্গার মন্দিরের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে সোনার ও রুপোর গহনা এবং দানবাক্সের টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত মন্দিরে পৌঁছন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য, পুলিশের বিশাল বাহিনী এবং ধূপগুড়ি এসডিপিও গেইলসন লেপচা। পুলিশ মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু হয়েছে।
এই চুরির ঘটনায় আতঙ্কিত মন্দির কমিটি থেকে শুরু করে ধূপগুড়ি শহরের সাধারণ মানুষ। শহরের একের পর এক মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো উদ্বেগ বাড়ছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে ধূপগুড়ি থানার পুলিশ।








