সাইবার ক্রাইম: কলকাতা পুলিশের টোল-ফ্রি হেল্পলাইন
নতুন পয়গাম, কলকাতা: সাইবার ক্রাইম ও ডিজিটাল প্রতারণা মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। মঙ্গলবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে চালু হল ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন। এর মাধ্যমে কলকাতা পুলিশের আওতায় থাকা এলাকার নাগরিকরা সাইবার অপরাধ সংক্রান্ত যে কোনও সমস্যা বা প্রতারণার অভিযোগ জানাতে পারবেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা পাবেন। এই টোল-ফ্রি হেল্পলাইন নম্বরটি হল ১৮০০-৩৪৫-০০৬৬।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমান সময়ে যেমন রাস্তায় নাগরিক নিরাপত্তা জরুরি, তেমনই সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডিজিটাল নিরাপত্তা। ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় এই হেল্পলাইন সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার একই সঙ্গে লালবাজারে একটি মাসিক নিউজলেটার ‘সাইবার পাস’-এরও উদ্বোধন করেন নতুন পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার। এর মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি, সাইবার অপরাধীদের নতুন নতুন কৌশল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে।








