পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সাংস্কৃতিক উৎসব
নতুন পয়গাম: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার সরিষাখোলা অঞ্চলের পানিয়াট গ্রামে পানিয়াট জাস্ট বিন্দাস ক্লাবের উদ্যোগে ৩১ ডিসেম্বর ‘বিন্দাস কাপ–২৫’ উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক-ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। বর্ষশেষে গ্রামবাসীর মিলন উৎসবের পাশাপাশি সমাজে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন বিভাগে স্মারক সম্মান প্রদান করা হয়। সাহিত্য বিভাগে সম্মাননা পান মুকবাসান হক্কানিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাহিত্যকর্মী আলিম উদ্দিন মল্লিক। সমাজসেবা বিভাগে সম্মানিত হন বিশিষ্ট রক্তদাতা ও মেদিনীপুর ব্লাড ডোনার্স ফোরামের কেশপুর ইউনিটের সভাপতি শেখ লিয়াকত আলী। সংগীত কলা বিভাগে সম্মাননা দেওয়া হয় সংগীতশিল্পী ও শিক্ষক অনিল ঘোড়াইকে এবং হস্তশিল্প বিভাগে সম্মানিত হন হস্তশিল্পী ময়না বিবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পঞ্চায়েতের প্রতিনিধিরা, যাঁরা ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি শীতের কথা মাথায় রেখে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সফল বাস্তবায়নে ক্লাবের সভাপতি সেখ রাকিব হোসেন ও সম্পাদক সেখ রাজেশ আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।








