ক্রিকেট বিশ্বকাপ-৯৬ বিজ্ঞাপন ট্যাক্স বিতর্ক সুপ্রিম কোর্টে জয়ী সিএবি, দিতে হবে না কর
নতুন পয়গাম, নয়াদিল্লি:
প্রায় তিন দশক পুরনো আইনি জটিলতায় নিষ্পত্তি ঘটাল সুপ্রিম কোর্ট। ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপের সময়ে ইডেন গার্ডেন্সে প্রদর্শিত বিজ্ঞাপনের জন্য কলকাতা পুরসভা যে ৫১ লক্ষ টাকার বিজ্ঞাপন বাবদ ট্যাক্স দাবি করেছিল, বৃহস্পতিবার সেই দাবি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। ফলে বড়সড় রাহাত পেল সিএবি।
১৯৯৬ সালের ১১ ফেব্রুয়ারি এবং ১৩ মার্চ ইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচে প্রদর্শিত বিজ্ঞাপনের জন্য সিএবি-র থেকে ৫১ লক্ষ ১৮ হাজার টাকা কর দিতে বলেছিল কলকাতা পুরসভা। কেএমসি-র যুক্তি ছিল স্টেডিয়ামে প্রদর্শিত বিজ্ঞাপন পাবলিক ভিউ-এর আওতায় পড়ে, তাই বিজ্ঞাপন কর প্রযোজ্য।
এর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, ইডেন গার্ডেন্স সাধারণ মানুষের রাস্তা বা উন্মুক্ত জনস্থান নয়, ফলে স্টেডিয়ামের ভিতরের বিজ্ঞাপন রাস্তা থেকে দৃশ্যমান নয়। তাই এই ধরনের বিজ্ঞাপনে পুরসভা কর আরোপ করতে পারে না।
হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেছিল কলকাতা পুরসভা। কিন্তু সুপ্রিম কোর্ট পুরসভার দাবি খারিজ করে হাইকোর্টের রায়কেই মান্যতা দিল।
সিএবি-র বক্তব্য, বিজ্ঞাপন সংক্রান্ত কোনও কর চুক্তির ভিত্তি নেই। স্টেডিয়াম ছিল তাদের লিজে। প্রবেশ নিয়ন্ত্রিত হওয়ায় এটি পাবলিক প্লেস নয়, ফলে বিজ্ঞাপন কর দাবি করা যায় না। প্রায় ৩০ বছরের বিতর্কে ইতি ঘটল।








