ভাঙড়ে ত্রাণ সংগ্রহে গিয়ে আক্রান্ত সিপিএম নেতা-কর্মীরা, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়:
উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হলেন ভাঙড়ের একাধিক সিপিএম নেতা ও কর্মী। রবিবার সন্ধ্যায় ভাঙড়ের পাকাপোল বাজারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে রয়েছেন সিপিএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায়, যাঁর আঘাত গুরুতর। তাঁর একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সিপিএম সূত্রের দাবি, এদিন সন্ধ্যায় পলাশ গঙ্গোপাধ্যায়, তরিকুল ইসলাম, রশিদ গাজী, নূর মোহাম্মদ-সহ বেশ কয়েকজন নেতা কর্মী পাকাপোল বাজারে উত্তরবঙ্গের দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। সেই সময় ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা খাইরুল ইসলামের নেতৃত্বে কিছু তৃণমূল কর্মী ও সমর্থক তাঁদের উপর চড়াও হন। অভিযোগ, শুধু গালিগালাজ নয়, শারীরিকভাবে বেধড়ক মারধরও করা হয় সিপিএম নেতা-কর্মীদের।
ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তবে এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে যুক্ত কারও গ্রেফতার হওয়ার খবর মেলেনি।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সিপিএম এর রাজ্যে নেতা সুজন চক্রবর্তী বলেন – “দুষ্কৃতীরা উঠে পড়ে লেগেছে। তারা ছাড়া কেউ থাকবে না, এই মনোভাব নিয়েই চলছে শাসক দল। পশ্চিমবঙ্গে এখন জল্লাদের রাজত্ব চলছে। আমি এর তীব্র নিন্দা জানাই।”
অন্যদিকে, ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন- ‘ভিকারীগুলো গিয়েছিল ভিগ দিবি-দিবি না দেবি না দিবি। এদের কিছু বলার দরকার নেই। ওটা যদি হয়, ওটা ঠিক করেনি।”
এমন মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বর্তমানে ভাঙড়ে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।








