কোস্টারিকার প্রেসিডেন্ট ডানপন্থী লরা ফার্নান্ডেজ
নতুন পয়গাম: কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ডানপন্থী প্রার্থী লরা ফার্নান্ডেজ। বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো শাভেসের রাজনৈতিক উত্তরসূরি ফার্নাণ্ডেজ পেয়েছেন ৪৮.৯৪ শতাংশ ভোট। কোকেন বাণিজ্যের সাথে যুক্ত সহিংসতা কঠোরভাবে দমন করার অঙ্গীকার নিয়ে ডানপন্থী মহিলা রাজনীতিবিদ লরা ফার্নাণ্ডেজ রবিবার গণনা শেষে অর্ধেকেরও কম ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফলাফলে দেখা যায়, ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে রান-অফ এড়ানোর সীমা ছাড়িয়ে যাওয়ায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থী অর্থনীতিবিদ আলভারো রামোস পরাজয় স্বীকার করেন।
ভোটকেন্দ্রের ৮১.২৪ শতাংশ ফল গণনা শেষে বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো শাভেসের উত্তরসূরি ফার্নাণ্ডেজ পান ৪৮.৯৪ শতাংশ ভোট। রামোস পান ৩৩.০২ শতাংশ ভোট। প্রাথমিক ফল ঘোষণার সাথে সাথে দেশজুড়ে ফার্নাণ্ডেজের সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। তারা নীল, লাল ও সাদা ডোরা কাটা কোস্টারিকার জাতীয় পতাকা নেড়ে জয় উদযাপন করেন।
রাজধানী সান হোসেতে রবিবার মধ্যরাতের অনুষ্ঠানে ভিডিও বার্তায় যুক্ত হয়ে ৩৯ বছর বয়সী ফার্নাণ্ডেজ তাকে প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবে আস্থা রাখার জন্য শাভেসকে ধন্যবাদ জানান এবং বলেন, তার উত্তরাধিকার ‘নিরাপদ হাতে’ রয়েছে। তিনি আরো বলেন, কোস্টারিকা যেন ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাধীনতা এবং সর্বোপরি জনগণের অগ্রগতির পথে’ এগিয়ে যেতে পারে — সে জন্য তিনি ‘অক্লান্তভাবে লড়াই’ করবেন।
৫২ লাখ জনসংখ্যার দেশ কোস্টারিকা, যা সাদা বালুর সৈকতের জন্য বিখ্যাত, দীর্ঘদিন ধরে মধ্য আমেরিকায় স্থিতিশীলতা ও গণতন্ত্রের এক মরুদ্যান হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বৈশ্বিক মাদক বাণিজ্যে শুধু যাতায়াতের পথ নয়; বরং এক গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্রেও পরিণত হয়েছে।








