টানা বৃষ্টিতে ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক সামশেরগঞ্জে
নিজস্ব প্রতিবেদক, নতুন পয়গাম, সামশেরগঞ্জ:
টানা বৃষ্টিতে ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক ছড়াল সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে। শনিবার সকালে একটানা বর্ষণের জেরে গঙ্গাতীরবর্তী প্রায় পঞ্চাশ মিটার জমি নদীগর্ভে তলিয়ে যায়। ফলে নতুন করে ভয় আর উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।
এর আগে গঙ্গার জলস্তর বৃদ্ধির সময় উত্তর ও মধ্য চাচন্ড গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছিল। সেই ভাঙনে একাধিক বাড়িঘর নদীর গর্ভে চলে যায়। আতঙ্ক নিয়েই শারদীয় দুর্গোৎসব কাটিয়েছেন গঙ্গাতীরবর্তী এলাকার বাসিন্দারা। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে স্কুলে আশ্রয় নিয়েছেন। পুজোর আনন্দ কার্যত মাটিতে মিশে গিয়েছে, তবু কোনো রকমে দুর্গাপুজোয় অংশ নিয়েছেন তাঁরা। একাদশীর দিন সম্পন্ন হয়েছে বিসর্জনও।
কিন্তু উৎসবের আবহ শেষ হতেই ফের নতুন করে নদীভাঙনের আতঙ্ক নেমে এসেছে সামশেরগঞ্জের উত্তর ও মধ্য চাচন্ড গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভাঙনের গতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








