পাটনায় হাইভোল্টেজ বৈঠকে কংগ্রেস
বিহারে আসনরফায় রাহুল, সনিয়া, খাড়গে
নতুন পয়গাম, পাটনা, ২৩ সেপ্টেম্বর:
পুজোর মরশুম কাটলেই বিহারে ভোটের ঢাকে কাঠি পড়বে। তার আগে সব দলই ঘর গোছাতে ব্যস্ত। ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী ইন্ডিয়া জোটের তরৎপরতা তুঙ্গে। এখন চলছে উভয় পক্ষের শেষ তুলির টান। কাল বুধবার পাটনায় বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক, এতকাল যা দিল্লিতে হত, এবার সেই বৈঠক হচ্ছে বিহারের মাটিতে। এতে মূলত বিহার বিধানসভা ভোটে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন, নির্বাচনী প্রচারের কৌশল এবং এসআইআর নিয়ে আলোচনা হবে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। এই হাইভোল্টেজ বৈঠকে যোগ দিতে পাটনায় যাচ্ছেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেরা।
গত মাসে টানা ১৮দিন ধরে বিহারজুড়ে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছেন তেজস্বী যাদব ও রাহুল গান্ধীরা। ছিলেন জোটসঙ্গী বামেদের শীর্ষ নেতৃত্বও। এবার দিল্লি থেকে এআইসিসি-র বৈঠক পাটনায় নিয়ে গিয়ে শরিকদের সদিচ্ছার বার্তা দিতে চাইল কংগ্রেস। এই বৈঠকে মূলত কংগ্রেস বিহার প্রদেশ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আসনগুলোকে চিহ্নিত করবে। গতবার বিহারে ভরাডুবি হয় কংগ্রেসের। সেই কারণেই অল্পের জন্যা বিজেপি তথা এনডিএ জোটের কাছে পরাজিত হয় মহাজোট।
তাই এবার ৫ বছর আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শরিকদের সঙ্গে আসন রফার ব্যাপারে উদারনীতি নিতে চলেছে কংগ্রেস। তাদের দাবি, গতবার যেসব আসনে হাত চিহ্নের প্রার্থীরা লড়েছিল, সেগুলো সবই প্রায় ছিল বিরোধীদের গড়। কংগ্রেসের ভাগে পড়া ৭০ আসনের মধ্যে ৪৫টিতে গত ৩-৪ বার ধরে জিতে চলেছে জেডিইউ বা বিজেপি। তাই এবার সম্ভাবনাময় আসন চায় কংগ্রেস শিবির।








