ক্যান্সার সচেতনতায় কালিয়াচকে বর্ণাঢ্য বাইক র্যালি
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজ্যে এই প্রথম কালিয়াচকে এক বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হল। রবিবার হান্নান মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও রেহাই হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিটি শুরু হয় সুজাপুর হাতিমারি মাঠ থেকে। সেখান থেকে জালালপুর হয়ে মোথাবাড়ি ঘুরে কালিয়াচক কারবলা মাঠ ও কালিয়াচক হাসপাতাল মোড়ে এসে র্যালির সমাপ্তি ঘটে। র্যালির পথে পথে সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ‘ক্যান্সার মানেই ভয় নয়, সময়মতো সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি সম্ভব’—এই মূল বার্তাই তুলে ধরা হয়। এই বাইক র্যালিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. তাহের হোসেন। তিনি জানান, কালিয়াচকের তিনটি ব্লক মিলিয়ে প্রায় চার হাজার ক্যান্সার রোগী রয়েছেন, যাঁদের অনেকেই জানেন না কীভাবে সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। সেই কারণেই এই ধরনের সচেতনতা কর্মসূচির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডা. তাহের হোসেন আরও বলেন, ক্যান্সার সাধারণ ওষুধ বা মেডিসিনে সেরে যায় না। এর জন্য অবশ্যই নির্দিষ্ট ও সঠিক চিকিৎসা পদ্ধতির মধ্যে আসতে হয়। ক্যান্সার, সুগারসহ নানা জটিল রোগে আক্রান্ত রোগীদের সঠিক দিশা দেখানোই তাঁদের লক্ষ্য। কীভাবে কম খরচে উন্নতমানের চিকিৎসা করানো সম্ভব, সে বিষয়ে হান্নান মাল্টি স্পেশালিটি হাসপাতালে পরামর্শ দেওয়া হবে বলেও তিনি জানান। আয়োজকদের দাবি, এই উদ্যোগের মাধ্যমে ক্যান্সার নিয়ে সাধারণ মানুষের মধ্যে থাকা ভ্রান্ত ধারণা দূর করে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।








